ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের আরোহী বাবা-মা-মেয়ে নিহত
বিয়ের মেহেদির রং এখনো মুছে যায়নি সাবরিনা ইসলাম ওরফে তুলির (২৩)। বিয়ের পর স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজারে। বেড়ানোর আনন্দের রেশ না কাটতেই স্বজন হারানোর বেদনায় পাগলপ্রায় তিনি। গতকাল বুধবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন মা-বাবা ও ছোট বোনকে। দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁদের গাড়িচালকও। আহত হয়েছেন তাঁর আরও দুই বোন।নিহত ব্যক্তিরা হলেন তুলির বাবা তৈয়বুল ইসলাম (৫৫), মা রোকেয়া ইসলাম (৪৫), বাকপ্রতিবন্ধী বোন মম ইসলাম (১২) ও গাড়িচালক নাসির উদ্দিন (৩২)। আহত দুজন হলেন বড় বোন অস্ট্রেলিয়াপ্রবাসী ডা. সাদিয়া ইসলাম ওরফে তন্বী (২৫) ও নর্দান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা ইসলাম ওরফে রুহি (২০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সাদিয়া উত্তরা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকেন। ছোট বোন সাবরিনার বিয়ে উপলক্ষে তিনি চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসেন।পারিবারিক সূত্র জানায়, ১১০ নম্বর গ্রিন রোডে তৈয়বুল একটি তিনতলা বাড়ির মালিক। বাড়িটি ভাড়া দিয়ে তিনি পরিবার নিয়ে গ্রিন রোডের জাহানারা গার্ডেনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ১১ জানুয়ারি তাঁর মেজ মেয়ে সাবরিনার বিয়ে হয়। বিয়ের পর পরিবারের ১২ জন সদস্য নিজস্ব দুটি গাড়িতে করে ১৬ জানুয়ারি কক্সবাজারে যান। গত মঙ্গলবার রাতে তাঁরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে তাঁদের গাড়ি যাত্রাবাড়ী পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে।তৈয়বুলের বড় ভাই ডা. মহিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে তাঁদের গাড়ি যাত্রাবাড়ী আল ফারুক সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির সব যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিত্সকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিত্সাধীন সাদিয়ার অবস্থা একটু খারাপ। তবে সুস্মিতার অবস্থা কিছুটা ভালো। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।তৈয়বুলের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ফেরার সময় একটি গাড়িতে তৈয়বুল ও তাঁর পরিবার এবং সামনের আরেকটি গাড়িতে মেয়ে ও জামাই ছিলেন। ভাগ্নে মোহাম্মদ মোস্তাফা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুরে গাড়িচালকের লাশটি তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠানো হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরই চালক ও তাঁর সহকারীরা কাগজপত্র নিয়ে ট্রাক (মেট্রো-ট-১৪-১৭৪২) রেখে পালিয়ে যায়। পরিত্যক্ত ট্রাকটি রেকার দিয়ে টেনে থানা চত্বরে নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও চালককে খোঁজা হচ্ছে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সাদা রঙের ব্যক্তিগত গাড়িটিতে পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। তাঁদের তিনজনই মারা গেছেন।বাবা, মা ও ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে পাগলপ্রায় সাবরিনা। তিনি লাশের পাশে দাঁড়িয়ে সারাক্ষণ বুক চাপড়ে কাঁদছিলেন। মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন সাদিয়া ও সুস্মিতাকে এখনো বাবা-মা ও বোনের মৃত্যুর খবর জানানো হয়নি।গতকাল দুপুরে জাহানারা গার্ডেনের ফ্ল্যাটে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। স্বজনেরা ভিড় করছেন ফার্মগেটে বড় ভাই মহিবুলের বাসায়। বিকেলে তিনটি লাশ এ বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় জানাজা শেষে লাশ তিনটি দাফনের জন্য গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে পাঠানো হয়।