ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বড় বোনের, আহত ছোটও
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আজ শনিবার ট্রাকের ধাক্কায় জ্যোতি আক্তার (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। এ সময় আহত হন তাঁর ছোট বোন তানিয়া আক্তার। তানিয়াকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, আজ বেলা একটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাক একটি যাত্রীবাহী রিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা জ্যোতি ও তানিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জ্যোতিকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই দুই বোন গাজীপুরের টঙ্গীর বাসিন্দা। ছোট বোন তানিয়া তুরাগের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ওই স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিতে ছোট বোনের সঙ্গে যাচ্ছিলেন জ্যোতি। টঙ্গী থেকে বাসযোগে উত্তরা ১০ নম্বর সেক্টরে নেমে তাঁরা তুরাগে যাওয়ার জন্য একটি রিকশায় উঠেছিলেন।
এসআই মিজানুর বলেন, ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।