ট্রাকের ধাক্কায় বরযাত্রীবাহী বাস খাদে, আহত ৩৫
নীলফামারীর সৈয়দপুর শহর-সংলগ্ন পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর গ্রামে গত শুক্রবার রাতে একটি দ্রুতগামী ট্রাক বরযাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। এতে বাসটি ছিটকে পাশের খাদে পড়ে যাত্রীদের প্রায় সবাই কমবেশি আহত হন। এর মধ্যে ৩৫ জনকে সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যাত্রীরা জানান, তাঁরা এসেছিলেন দিনাজপুর সদর উপজেলার বটতলী গ্রাম থেকে। কনের বাড়ি সৈয়দপুরের ইসলামবাগ মহল্লায়। সৈয়দপুর শহরের সিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শহর থেকে কয়েকটি মাইক্রোবাস ও মিনিবাস বরযাত্রী নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সোনাপুকুর রাবেয়া মোড় অতিক্রম করে বর বহনকারী একটি মাইক্রোবাস। এর পেছনে ছিল ৪০ বরযাত্রী নিয়ে মিনিবাস। হঠাৎ ওই বাসটিকে অতিক্রম করতে একটি ট্রাক পাল্লা দিয়ে চলতে থাকে। গতি কম থাকায় ওই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। এতে ছিটকে পড়ে বাসটি। সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
দিনাজপুরের চাম্পাতলী হাইওয়ে পুলিশও আহত যাত্রীদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এঁদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানায় হাইওয়ে পুলিশ।
সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম বলেন, আহত বরযাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চাম্পাতলী হাইওয়ে থানায় মামলা হয়েছে।