ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য আহতের ঘটনায় চালক আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কুচলিবাড়ী সীমান্তচৌকির (বিওপি) সামনে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে গতকাল শনিবার ট্রাকের ধাক্কায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে দেয় বিজিবি। তাঁর মুক্তির দাবিতে ট্রাকচালকেরা মহাসড়ক অবরোধ করেন।
আহত বিজিবি সদস্য হলেন হাবিলদার মুন্সী সোহরাব হোসেন (৪২)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হওয়া ট্রাকচালকের নাম সুরুজ্জামান (৩২)। তাঁর বাড়ি পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে।
রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, টহল শেষে গতকাল বেলা দেড়টার দিকে কুচলিবাড়ী কোম্পানি সদরের হাবিলদার মুন্সী সোহরাব হোসেন মোটরসাইকেলে করে ক্যাম্প এলাকার ভেতরে ঢুকছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে সোহরাবের পা ভেঙে যায়। বিজিবি সদস্যরা ট্রাকচালক সুরুজ্জামানসহ ট্রাকটি জব্দ করে পাটগ্রাম থানা-পুলিশে সোপর্দ করেন। সুরুজ্জামানের মুক্তির দাবিতে দুইটার দিকে পাটগ্রাম সরকারি কলেজ বাইপাস মোড় ও বাউরা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন ট্রাকচালকেরা। এতে মহাসড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে। লালমনিরহাট ট্রাক-লরি শ্রমিক সংগঠনের সঙ্গে পুলিশের আলোচনার পর পাঁচটার দিকে বাইপাস মোড় ও রাত নয়টার দিকে বাউরা বাজার থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
জেলা ট্রাক-লরি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, নিরপেক্ষ তদন্তের আশ্বাসে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনাটি সুরাহার জন্য ট্রাক-লরি চালক-শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে।