ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী এলাকায় আজ রোববার ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। টহল পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বলেন, ‘আমরা ভোরে ওই বৃদ্ধের মৃত্যুর সংবাদ পাই। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। সেখানে থাকা টহল পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক থামিয়ে চালক পালিয়ে যায়।’
তিনি আরও জানান, ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তাঁর গায়ে সাদা পাঞ্জাবি ও নীল চেকের লুঙ্গি ছিল। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।