ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আসিফ মাহমুদ ওরফে স্বপন (২৮)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ মাহমুদ রাজধানীর শেওড়াপাড়া (শামীম সরণি ৫৬৫/১ নম্বর বাসা) এলাকার আক্তার হামিদের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ কালিয়াকৈর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।