ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহত
রাজধানীর কাকরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জমির হোসেন (৪৫)। তিনি বুটিক ব্যবসায়ী। তাঁর বাড়ি যশোরে। মিরপুর ২ নম্বরে তিনি পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। সেখানেই তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ট্রাকের ধাক্কায় জমিরের সঙ্গে থাকা তাঁর কর্মচারী মো. সজীব আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, জমির ও সজীব মোটরসাইকেলে মিরপুর থেকে কাকরাইলে এসএ পরিবহনের অফিসের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১২টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসার সামনের একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়েন। জমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।