ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত দুজন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট গ্রামে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৫১)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা।
আহত দুজন হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট গ্রামের মোটরসাইকেল চালক আমিনুর রহমান (৪০) ও একই গ্রামের আনছার আলী (৪৮)। চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজার থেকে মোটরসাইকেলে করে ওই তিন ব্যক্তি মহাসড়ক দিয়ে পাটগ্রাম উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকও মহাসড়ক দিয়ে লালমনিরহাট জেলা শহরের দিকে যাচ্ছিল। ঘুণ্টিঘর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়েযান। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাতেই ওই দুই ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।