ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বন্ধুর বাবাকে রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তরুণ আবদুল গাফফার সাগর (১৭)। রাজধানীর নবাবগঞ্জ বেড়িবাঁধে গত মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্য একজন। সাগরের বন্ধু ও স্বজনেরা বলেন, গত মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথে হাসপাতালে ভর্তি এক বন্ধুর বাবাকে রক্ত দিয়ে বাসায় ফিরছিল গাফফারসহ কয়েকজন। তাঁরা মোটরসাইকেল চালিয়ে বেড়িবাঁধ হয়ে কামরাঙ্গীরচরে যাচ্ছিল। নবাবগঞ্জ এলাকায় ফল মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাফফারের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গাফফার ও তার পেছনে বসা যাত্রী আহত হয়। রাত সোয়া দুইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা গাফফারকে মৃত ঘোষণা করেন।গাফফারের বন্ধুরা জানিয়েছেন, মোটরসাইকেল চালানোর সময় তার মাথায় কোনো হেলমেট ছিল না। গাফফার চলতি বছর কামরাঙ্গীরচর আশরাফাবাদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। কামরাঙ্গীরচরের মুন্সীহাতিতে তাদের বাড়ি।