ট্রাকের ধাক্কায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। ওই কর্মকর্তার নাম হারুন-উর-রশীদ।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন-উর-রশীদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, অফিস সময় শেষে হারুন-উর-রশীদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন-উর-রশীদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।