ট্রাকের ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকের ধাক্কায় গতকাল শনিবার হৃদয় বাবু নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া ওই সড়ক দুর্ঘটনায় হৃদয়ের বাবা মাজম আলী (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাজম আলীর বাড়ি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামে। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ি থেকে ভ্যান চালিয়ে মাজম আলী তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী একটি বাজারে যাচ্ছিলেন। রাস্তায় বিপরীত দিক থেকে একটি ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।