ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৪
যশোরের শার্শা উপজেলায় ট্রাকের চাপায় থ্রিহুইলারের (মাহেন্দ্র) চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। রোববার বেলা দুইটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের হাঁড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন থ্রিহুইলারের চালক নজরুল ইসলাম (৫৫), যাত্রী আলমগীর হোসেন (৩৪), রোকসানা খাতুন (২৫) এবং সুমন (৮)। আহত ব্যক্তিরা হলেন আশরাফ হোসেন (৩০), অঙ্কন (৭), আমেনা বেগম (৩৫) ও তাঁর বোন শারমিন (২০)।
নিহত নজরুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আবদুল ওহাবের এবং আলমগীর হোসেন একই উপজেলার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত রোকসানা শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী। সুমন একই উপজেলার সনাতন কাঠি গ্রামের শাজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে গেছে, বেলা দুইটার দিকে থ্রিহুইলারটি যাত্রী নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যানটিকে চাপা দেয়। এতে যানটির চালকসহ সাতজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পথে নজরুল ইসলাম, আলম হোসেন ও রোকসানা খাতুন মারা যান। বিকেল সাড়ে পাঁচটা দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) পলিটন মিয়া বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়েছেন।