ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর সড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন আহমেদ বাবু (৩৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত গিয়াস ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি মোহাম্মদপুরের বাবর রোডে থাকতেন।পুলিশ ও নিহত গিয়াসের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর চারটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তা পারাপারের সময় গিয়াসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দুপুর একটার দিকে তিনি মারা যান।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।