ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ট্রাকের ধাক্কায় নাকিবুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাকিবুল উপজেলার দর্গামাড়িয়া গ্রামের রকেট আলীর ছেলে। সে স্থানীয় ব্রাইট প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনার প্রতিবাদে আজ ওই বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাকিবুল বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মোটরসাইকেলটি স্কুলের কাছে চানপাড়া আফসারের ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নাকিবুল ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। তার মা-বাবা অক্ষত রয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ট্রাকসহ চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নাকিবুলের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।