ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় মো. ছোটন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছোটন চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল নয়টার দিকে উপজেলার ঘনশ্যাম বাজার এলাকায় বালুবোঝাই একটি ট্রাক ছোটনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সকাল ১০টার দিকে ছিড়িঙ্গা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ছোটনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, আজ সকালে ঘনশ্যাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ছোটন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার এই মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। আমরা ট্রাকচালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’