ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় পৃথক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মালাহার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এবং শাজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়ার মাঝিড়া-বীরগ্রাম সড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কলেজছাত্র মো. রনি (১৭), এনজিওকর্মী হানজেলা রহমান (২২) এবং মোটরসাইকেলচালক মো. রবীন মণ্ডল (২২)।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মোকামতলা বন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে রনি ও হানজেলা মহাস্থান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার মালাহার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেি রনি ও হানজেলা নিহত হন। রনি শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। এ বছর মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আর হানজেলা গাবতলী উপজেলার দেওনাই সাহাপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, শাজাহানপুর উপজেলার চাঙ্গইর গ্রামের বাসিন্দা মো. রবীন মণ্ডল বগুড়া শহরের বনানী এলাকায় একটি পোল্ট্রি ফিড কারখানায় শ্রমিকের কাজ করতেন। সকাল আটটার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে খরনা কর্মকারপাড়া এলাকায় মাটিবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবীন নিহত হন।

শাজাহানপুর থানার পরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। এ কারণে ট্রাক শনাক্ত করা সম্ভব হয়নি।