ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার আরোহী একই পরিবারের পাঁচজনসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু এবং তাদের মা-বাবাও রয়েছেন। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন ট্রাকের চালক ও তাঁর সহকারী।
ময়মনসিংহের দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোদারপুর এলাকায়। নিহত সাতজনের পরিচয় মিলেছে। এর মধ্যে একই পরিবারের পাঁচজন। তাঁরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার শানকিডোয়ারি গ্রামের কাজল মিয়া (৩৫), তাঁর স্ত্রী শিরিনা আক্তার (২৫), তাঁদের দুই শিশুসন্তান তাহসিন (৬) ও মুফাজ্জিন (৪) এবং শিরিনার ভাই উজ্জ্বল মিয়া (৩২)। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশাটির চালক উপজেলার হুগলা গ্রামের মো. সাদেকুল (২৮) ও মালিক মো. আশরাফুলও (২৪) নিহত হন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, কৃষিজীবী কাজল মিয়া গতকাল সকালে স্ত্রী-সন্তানদের চিকিৎসকের কাছে নিতে ময়মনসিংহ শহরের উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন শিরিনার ভাই উজ্জ্বলও। পূর্বধলার হুগলা বাজার থেকে তাঁরা ওই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই ছিলেন মালিক আশরাফুল ও অজ্ঞাতপরিচয় একজন। দুপুর ১২টার দিকে তাঁরা ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় পৌঁছান। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আটজন। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। বেলা দেড়টার দিকে লাশ কোতোয়ালি মডেল থানায় আনার পর সাতজনের পরিচয় শনাক্ত করেন স্বজনেরা।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
টাঙ্গাইলের দুর্ঘটনাটি ঘটে কালিহাতীর গোহালিয়াবাড়ী রেলক্রসিংয়ে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে। এ ঘটনায় নিহত দুজন হলেন ট্রাকচালক মিহির আলী (৪৫) ও তাঁর সহকারী ফজলু মিয়া (৪০)। আহত হন অপর সহকারী সাইদুল (২৫)। তিনজনের বাড়িই কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে। লাশ দুটি স্বজনেরা নিয়ে গেছেন। সাইদুলকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিহির আলী ও ফজলু মিয়া।
এদিকে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনও বিকল হয়ে গেলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। ভোর ছয়টায় বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।