ট্রাকের নিচে ঘুম থেকে শেষ ঘুমে হেলপার
ঢাকা থেকে সারা রাত চলার পর গত বৃহস্পতিবার সকালে ট্রাকটি এসে পৌঁছায় ঠাকুরগাঁওয়ের সালন্দরের কাজী ফিড মিলে। ততক্ষণে আরও অনেক ট্রাক চলে এসেছে মিল গেটে। মিল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মুরগির ওষুধ সরবরাহের জন্য ছাড়পত্র পেতে সময় লাগবে। চালক আফজাল রাস্তার ধারে ট্রাকটি দাঁড় করিয়ে চা খেতে যান। যাওয়ার আগে তাঁর সহকারীকে (হেলপার) নির্দেশ দিয়ে যান, মিলের অনুমতি পেলে তাঁকে ডেকে দিতে।সারা রাতের নির্ঘুম, ক্লান্ত শরীর কিছুতেই ধরে রাখতে পারছিলেন না চালকের সহকারী। এদিকে মিলের অনুমতিও মিলছে না। ফুরসত পেয়ে ট্রাকের নিচে মাদুর বিছিয়ে গা এলিয়ে দেন তিনি। সেখানেই ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিরতরে ঘুমিয়ে পড়লেন রফিকুল ইসলাম (৩০)। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দরের কাজী ফিড মিলের সামনে ঘটনাটি ঘটেছে। রফিকুলের বাড়ি দিনাজপুরের শেখপুরী ঘুণ্টি নামক এলাকায়।চালক আফজাল জানান, বুধবার রাতে ট্রাকভর্তি ওষুধ (মুরগির) নিয়ে ঢাকা থেকে রওনা হন তিনি। ওষুধ সরবরাহে মিল কর্তৃপক্ষের অনুমতি পেতে সময় লাগবে দেখে চা খেতে গিয়েছিলেন তিনি। যাওয়ার আগে তাঁর সহকারীকে বলে গিয়েছিলেন, কর্তৃপক্ষের অনুমতি মিললে তাঁকে যেন দ্রুত ডাকা হয়। ফিরে এসে তাঁকে দেখতে না পেয়ে ট্রাকটি চালিয়ে নেন তিনি। এ সময় ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা রফিকুল চাকায় পিষ্ট হয়ে মারা যান। আফজাল বলেন, ‘রফিকুল ট্রাকের তলায় ঘুমিয়ে থাকবে ভাবতে পারিনি। সামনের ট্রাকগুলো মিলের ভেতরে ঢুকে যেতে দেখে তড়িঘড়ি করে ট্রাকটি চালানো শুরু করি। আমার হাতে আমারই ঘনিষ্ঠ একজনের জীবন চলে যাবে, ভাবতে পারছি না।’ এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ট্রাকচালক আফজালকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।