ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় তফিজ উদ্দিন (৬৫) নামের এক স্কুলশিক্ষক ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহত ব্যক্তির ছেলে এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে দাবি করেছেন।প্রত্যক্ষদর্শী ও নাটোর সড়ক পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার কামারদহ উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক তফিজ উদ্দিন হঠাৎ করে আহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দেন। বাসস্ট্যান্ডের ফল বিক্রেতা আসাদুল ইসলাম জানান, ওই শিক্ষক সকাল নয়টার দিকে সড়কের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি একটি চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দেন। সেখানেই তিনি মারা যান। তফিজ উদ্দিনের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর (শিক্ষকের) তিন স্ত্রী ও সাত সন্তান রয়েছে। সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। তবে তফিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন দাবি করেন, এটা নিছক সড়ক দুর্ঘটনা। তাঁর বাবা সড়ক পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েছেন। নাটোর সড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি আত্মহত্যা, নাকি নিছক সড়ক দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।