ট্রাকের নিচে পড়েও রক্ষা
চলন্ত ট্রাকের নিচে পড়েও রক্ষা পেয়ে গেছে সাড়ে চার বছরের এক শিশু। তবে শিশুটি মাথায় সামান্য আঘাত পেয়েছে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। শিশুটির নাম মাহির। সে পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকার ব্যবসায়ী সাদেকুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে শহরের মিঠাপুকুরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় শিশুটি বাবা-মায়ের সঙ্গে তেঁতুলিয়া-ঢাকা সড়ক পার হচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় শিশুটি রাস্তায় পড়ে যায়। ব্রেক করতে না পেরে ট্রাকটি শিশুটির ওপর দিয়ে চলে যায়। তবে ট্রাকের চাকায় শিশুটি পিষ্ট হয়নি। রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হলে শিশুটিকে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও লোকজন ট্রাকটিকে আটক করেছে। পরে পুলিশ এসে ট্রাক থানায় নিয়ে যায়। সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।