ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, দুই চালক নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের সজোরে ধাক্কায় দুই গাড়িরই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই চালকের দুই সহকারী। আজ সোমবার ভোর চারটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই চালক হলেন যশোর শহরের শংকরপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে ডালিম হোসেন (৩৫) ও যশোরের মনিরামপুর উপজেলার আব্দুর রহমান (৪০)। আহত দুজন হলেন হাসান আলী ও কবির হোসেন।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক শ্রীরামপুর এলাকায় পৌঁছানোর পর এর চাকা নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে ট্রাক রেখে চাকা মেরামতের কাজ চলছিল। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী আফিল এগ্রো লিমিটেডের একটি কাভার্ডভ্যান পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটির সামনের অংশ বালুবোঝাই ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ডালিম ও মেরামতে ব্যস্ত ট্রাকের চালক রহমান ঘটনাস্থলে নিহত হন। আহত হন ট্রাক ও কাভার্ড ভ্যানের দুই সহকারী। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান জানান, খবর পেয়ে এসআই বকুল হোসেন ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। ট্রাক দুটি আটক করা হয়েছে।
আরও পড়ুন