ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকায় গতকাল শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মো. জেহের আলী শেখ (৪০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম (৪২)।
হাইওয়ে থানা-পুলিশ জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক খুলনা থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথে গতকাল রাত ৩টার দিকে বেঁজগাতি এলাকা অতিক্রমের সময় ট্রাকটির একটি চাকা ফেটে যায়। চালক মহাসড়কের একপাশে ট্রাকটি থামিয়ে চাকা বদলানোর সময় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কাকারী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে থেমে থাকা ট্রাকের বিদ্যুতের খুঁটি ঢুকে যায়। এই ট্রাকে ১০ থেকে ১২ জন গরু ব্যবসায়ী ছিলেন।
গৌরনদী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধির কুমার হালদার জানান, হাইড্রলিক স্পেডার ও হাইড্রলিক লক কাটার দিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ট্রাকের কিছু অংশ কেটে গরু ব্যবসায়ী মো. জেহের আলী শেখ ও নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী খান (৩৫), অরুণ মিয়া (৩০), আবদুল আজিজ শেখ (৩৩), মো. জহির (৩৫), চুটলিয়া গ্রামের মো. মাসুদ বিশ্বাস (২৬), খন্ডক গ্রামের মতলেব মন্ডল (৪০) কে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে সোয়া এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ঘটনাস্থলের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।