ট্রাকের ভেতর চাপা পড়ে আড়াই ঘণ্টা
মানুষটার নাম সেলিম হোসেন। বয়স প্রায় ২৮ বছর। বাড়ি রাজশাহীর কাটাখালী এলাকায়। ট্রাকচালকের সহকারী। মহিষবোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন খুলনায়। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহীর চারঘাটে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ভেতরে চাপা পড়েন সেলিম। আড়াই ঘণ্টা পর চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করেন।
দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পাওয়া ট্রাকচালক শহিদুল ইসলাম (৪০) বলেন, রাজশাহী সিটিহাট থেকে গরু ও মহিষের একটি চালান নিয়ে তাঁরা খুলনায় যাচ্ছিলেন। চারঘাটের কাঁকড়ামারী এলাকায় আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহাম্মেদ বলেন, অন্য একটি ট্রাকের সঙ্গে বেঁধে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পেছনে একটু টেনে সরানো হয়। তারপর হাইড্রলিক স্পেডার দিয়ে চাপা লাগা অংশ একটু ফাঁক করে আটকে পড়া সেলিমকে বের করে আনা হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সেলিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।