ট্রাকের লোহার অ্যাঙ্গেল বিঁধে বাসযাত্রী নিহত
বগুড়ার শেরপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে ট্রাকের গায়ে লাগানো তিন কোনা একটি লোহার অ্যাঙ্গেল খুলে ছিটকে গিয়ে বাসের ভেতরে ঢুকে এক যাত্রী নিহত হয়েছেন। এতে শিশুসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। অ্যাঙ্গেলটি আন্নী আক্তার (২৩) নামের এক বাসযাত্রীর বুকে বিঁধে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর কোলে থাকা কন্যাশিশুটিও আহত হয়।
বাসের যাত্রী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ররোয়া এলাকায় গতকাল ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বাসটি ঢাকায় এবং ট্রাকটি বগুড়ায় যাচ্ছিল।
জানা যায়, নিহত আন্নী আক্তার চাঁদপুর জেলা সদর থানার ছোটসুন্দুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। ঘটনার রাতে আন্নী তাঁর মেয়ে জান্নাতুল নেছাকে (২) নিয়ে বাবার বাড়ি ঠাকুরগাঁ থেকে ঢাকায় ফিরছিলেন।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটির ডান পাশে প্রায় পাঁচ ফুট লম্বা লোহার তিন কোনা অ্যাঙ্গেল লাগানো ছিল। ট্রাকের বডি মজবুত করতে এ ধরনের অ্যাঙ্গেল লাগানো হয়। বিপরীতমুখী ওই দুটি যানের সংঘর্ষে কোনোভাবে সেটি খুলে ছিটকে বাসের ভেতরে ঢুকে বাসের যাত্রী আন্নী আক্তারের বুকে বিঁধে যায়। সেই সঙ্গে অ্যাঙ্গেলের আঘাতে আহত হন আরও পাঁচজন যাত্রী। ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় বাসটির ডান পাশ দুমড়েমুচড়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকের গায়ে এ ধরনের লোহার অ্যাঙ্গেল লাগানো মোটরযান আইনের লঙ্ঘন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।