ট্রাকের সঙ্গে ধাক্কা প্রাণ গেল শিশুসহ দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন রংপুর নগরের সেন্ট্রাল রোডের লিয়াকত হাসানের ছেলে মাহিন মিয়া (৮) এবং গাবতলী উপজেলার কাগইল গ্রামের মহেশলাল (৪২)।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিনের নানার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায়। শিশুর মা মাসুমা বেগম কয়েক দিন আগে এখানে বেড়াতে আসেন। তিনি ওই দিন রাত ১০টার দিকে স্বজনদের নিয়ে বাবার বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণে অ্যাম্বুলেন্স ভাড়া করে বগুড়া যাচ্ছিলেন। একই সময় রংপুর থেকে একটি ট্রাক গোবিন্দগঞ্জ উপজেলা শহর অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। সামনে ট্রাক ও পেছনে অ্যাম্বুলেন্সটি ছিল। দুটিই দ্রুতগতিতে যাচ্ছিল। ট্রাকটি হঠাৎ গতি কমিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় একটি গতিরোধক অতিক্রম করছিল। এ সময় অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন নিহত এবং অন্তত সাতজন আহত হন।
গতকাল শুক্রবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশলাল মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।