ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে চার আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনা কমলাকান্দা এলাকার মোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন তালুকদার (২৫), বাতাসচালিত মোটরসাইকেলের উদ্ভাবক হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সৈয়দ আলীর ছেলে হাফেজ নুরুজ্জামান (২৮), মাধবপুর উপজেলার নুরু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং তাঁর স্ত্রী লিজা বেগম (২২)। দুর্ঘটনায় সাদ্দাম ও লিজা দম্পতির দুই বছর ও দুই মাস বয়সের দুটি শিশুসন্তান এবং ব্যক্তিগত গাড়িটির চালক মিলন মিয়া গুরুতর আহত হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের শায়েস্তাগঞ্জের চালক মিলন মিয়া ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। হবিগঞ্জ পৌঁছালে জাহাঙ্গীর ও নুরুজ্জামান ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ওই গাড়িতে ওঠেন। হবিগঞ্জের মাধবপুর থেকে দুই সন্তানসহ সাদ্দাম এবং তাঁর স্ত্রী লিজা একই গন্তব্যের উদ্দেশ্যে ওই গাড়িতে ওঠেন। আশুগঞ্জের সোহাগপুর এলাকার ফিরোজ মিয়া কারিগরি মহাবিদ্যালয়ের সামনে পৌঁছালে ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে ওই গাড়ির আরোহীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে সাদ্দাম হোসেন ও তাঁর স্ত্রী লিজা মারা যান। হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও নুরুজ্জামানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুর নুর প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। এতে চারজনের মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুরে এক নারী নিহত:
আমাদের জামালপুর সংবাদদাতা জানান, সদর উপজেলার শিমুলতলী এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। জাহানারা ওই উপজেলার নারায়ণপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। একই দুর্ঘটনায় উপজেলা সদরের সরদারপাড়া এলাকার মাহাবুবুর রহমানের মেয়ে সেমি আক্তার ও কাচারিপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী সখিনা খাতুন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সদর উপজেলার শিমুলতলী এলাকার জামালপুর-টাঙ্গাইল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ওই তিন যাত্রী আহত হন। জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর জাহানারা বেগমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় সখিনা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নারায়ণপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।