ট্রাকের সঙ্গে র্যাবের গাড়ির সংঘর্ষ, দুই র্যাব সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আজ শুক্রবার র্যাবের টহল পিকআপ ভ্যানের সঙ্গে সুতাভর্তি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে র্যাবের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের আরও ছয়জন সদস্য। আহতদের মধ্যে চারজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতেরা হলেন, নারায়ণগঞ্জে র্যাব-১১-এর সার্জেন্ট মো. মনছুর ও পিকআপ ভ্যানের চালক কনস্টেবল মো. সোহেল। মনছুরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী ও সোহেলের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানযোগে র্যাবের আট সদস্যের একটি দল টহল দিচ্ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিকআপ ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুতাভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মনছুর ও সোহেল। আহত হন ছয়জন।
পুলিশ জানায়, ট্রাকের চালক বেপরোয়া অবস্থায় সড়কের ভুল পথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে। ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।