ট্রাকের সঙ্গে সংঘর্ষ, ট্যাংক লরি ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাড়ি-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় গতকাল সোমবার জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় ওই ট্যাংক লরি ও একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
উল্লাপাড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি জ্বালানি তেল ডিপো থেকে নয়ন এন্টারপ্রাইজের একটি ট্যাংকলরি নয় হাজার লিটার জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ট্যাংকলরিটি উল্লাপাড়ার কাঁঠালতলা এলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ডান পাশে ঘর্ষণ লাগে। এ সময় ট্যাংকলরির চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ট্যাংকলরি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পুরো লরিটি আগুনে ভস্মীভূত হয়। জ্বলন্ত তেল ছিটকে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের ওপরে গিয়ে পড়লে সেটিও ভস্মীভূত হয়। খবর পেয়ে শাহজাদপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন জানান, জ্বালানি তেলের আগুন পানি দিয়ে নেভানো যায় না বিধায় ফোম জাতীয় পদার্থের অন্য একটি গাড়ি এনে ফোম নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় ট্যাংকলরি ও মোটরসাইকেল ভস্মীভূত হলেও কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, ট্যাংকলরিতে সাড়ে চার হাজার লিটার পেট্রল ও সাড়ে চার হাজার লিটার ডিজেল ছিল। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। ভস্মীভূত ট্যাংকলরি ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ট্যাংকলরির মালিকপক্ষ থেকে জানানো হয়েছে।