ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের একজন নারী (৪০) ও তিনজন পুরুষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে সাতজন যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার ছেড়ে আসে। এটি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় ফিরোজ মিয়া কারিগরি মহাবিদ্যালয়ের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের যাত্রীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নারী ও এক পুরুষ মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন পুরুষ মারা যান।
ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়িচালক মিলন মিয়া (২৮), দুই মাস বয়সী ও দুই বছর বয়সী দুটি ছেলেশিশু।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুর নুর প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।