ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নাটোরে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ও পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া একটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নয় ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস, নাটোর রেলস্টেশন ও যাত্রীদের সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া একটার দিকে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন ছেড়ে আসার দুই মিনিট পরেই নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া রেলক্রসিংয়ে একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় নিরাপত্তারক্ষীর অনুপস্থিতিতে রেল ফটকের প্রতিরোধক ছিল না। আকস্মিক সংঘর্ষে চারদিকে বিকট শব্দ শোনা যায়। আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান ট্রেনের ইঞ্জিন লাইনের বাইরে পড়ে আছে। খবর পেয়ে স্টেশন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা তাৎক্ষণিক আহত ট্রাকের তিন আরোহীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রেনের আরও ১২ যাত্রী আহত হন। তাঁরা নিজ উদ্যোগে সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
ট্রেনের অন্তত পাঁচজন যাত্রী অভিযোগ করেন, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অবহেলার কারণে শত শত যাত্রীর প্রাণ ঝরে যেতে বসেছিল। দুর্ঘটনার পরও গেটম্যানকে সেখানে দেখা যায়নি।
রেললাইনের ওপর ট্রাক ও রেলের বগি পড়ে থাকায় নাটোরের সঙ্গে উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন দিক থেকে ছেড়ে আসা ট্রেনগুলো আবদুলপুর, ঈশ্বরদী, নলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে রাখা হয়। এতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। প্রায় সাত ঘণ্টা পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইনে স্থাপন করলে ট্রেনটি ছেড়ে যায়। ট্রাকটিও অপসারণ করা হয়। সকাল পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রেলক্রসিংয়ের সিগন্যাল না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।