ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, আটজনের মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজনসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।মৃত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের ছামাদ মণ্ডলের স্ত্রী হনুফা বেগম (৪৫), ছেলে ইমরান (১২) ও মেয়ে আসমানী (১২), একই উপজেলার রাহাতপুর গ্রামের রাজ হোসেন মামুন (২৫), রৌহা গ্রামের তসলিম উদ্দিন (২২) ও শিবালয় উপজেলার কামার ভাটলা গ্রামের আব্দুর রউফ (২০)। মারা যাওয়া অপর দুজনের মধ্যে একজন শিশু ও একজন যুবক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে আরিচা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাসটি ছিটকে সড়কের পাশে খাদের পানিতে গিয়ে পড়ে। পেছনের দিকের অল্প একটু ছাড়া পুরো বাসটি পানিতে তলিয়ে যায়। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ৪০ জনের মতো যাত্রী আহত ও অক্ষত অবস্থায় বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকা পড়ে দুই শিশুসহ আটজন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তারা মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা পর ঘিওর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেন। পরে ঢাকা থেকে ডুবুরি গিয়ে বিকেল চারটার দিকে আরও তিনটি লাশ উদ্ধার করে।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, আহত ৩০ জন যাত্রীর মধ্যে হেলাল মিয়া (২২), আদিত্য চন্দ্র সরকার (২৭), সিয়াম (৫), সমর আলী (৪৫), আবদুল বাছেত (৪৫), প্রদীপ (৩০), সাহিদা (৪০), হালিমা (৪০), জুলেখা (৩৮), রেহেনাসহ (৪৫) ১৫ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত রহমত আলী (৩০), মজিবর রহমান (৬০) ও আনিছুর রহমানকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনায় মারা যাওয়া হনুফা বেগমের ননদ সাহিদা বেগম জানান, ভাবি ও ভাতিজা-ভাতিজিসহ তাঁরা পাঁচজন সাভারের হেমায়েতপুরে এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা শিবালয়ের আরিচা ঘাট থেকে বাসটিতে ওঠেন।মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মারুফ হাসান জানান, সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বাসের ভেতরে আর কোনো মৃতদেহ নেই।