ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চালক মারা গেছেন। আহত হয়েছেন আরেক চালক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুটি ট্রাকেই আগুন জ্বলতে থাকে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে যানজট শুরু হয়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত মির্জাপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজট থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা, গোড়াই হাইওয়ে পুলিশ ও মির্জাপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিনের ভাষ্য, রেকার দিয়ে একটি ট্রাক সরিয়ে একদিক দিয়ে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে। লাশ গোড়াই হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আহত ট্রাকচালককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।