ট্রাকের হেলপারকে মারধরের প্রতিবাদে আখাউড়া স্থলবন্দর অচল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানির পণ্য নিয়ে আসা একটি ট্রাকের হেলপারকে মারধর করার প্রতিবাদে চালকেরা ট্রাক চালানো বন্ধ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে এই বন্দরটি অচল হয়ে পড়েছে।ট্রাকচালকেরা বলেছেন, একটি ব্যবসাপ্রতিষ্ঠানের এক কর্মচারী সেভেন রিংস সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের হেলপার মো. শাহীন মিয়াকে (৩০) মারধর করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার ব্যাপারে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, রপ্তানির পণ্যবোঝাই কয়েকটি ট্রাকের হেলপার নিজেদের মধ্যে ঝগড়া করে আহত হন। এ ঘটনায় তাঁরা ট্রাক চালানো বন্ধ করে দেওয়ায় বেলা ১১টা থেকে বন্দরটি অচল রয়েছে।একই ব্যবসায়ী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ মিয়া বলেন, আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বন্দরের ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন ভূঁইয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মো. শাহ নেওয়াজ ওই হেলপারকে মারধর করেছেন। তবে ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস বলেছেন, ট্রাকচালকদের প্রতিবাদের কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আটকে আছে রপ্তানির পণ্যবোঝাই শতাধিক ট্রাক।