ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-আগরতলা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব-জারুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মাইনুল করিম (৪৫), আয়েশা বেগম (৫৫), শিউলি আক্তার (৩৫) ও তাঁর মেয়ে আশামণি (৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আখাউড়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী অটোরিকশাটির সঙ্গে বাসুদেব-জারুলতলায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাচালকসহ পাঁচজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অটোরিকশার চালক আবুল কালাম মারা যান। গুরুতর আহত শিউলি ও তাঁর মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, আহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে।