ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নাটোরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডাল সড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর শহর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা বগুড়া থেকে ডাল সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার আরোহী সদর উপজেলার ভুবনপাড়া গ্রামের কালুর ছেলে শরিফুল ইসলাম (২৮), তাঁর স্ত্রী রেশমা বেগম (২০) ও অজ্ঞাত এক ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীর (৪২) মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮), নাটোর শহরের বড়গাছা এলাকার অলকের ছেলে অনিক (২৫) ও সদর উপজেলার বাকসোরঘাট গ্রামের বীবদা ধরের ছেলে চঞ্চল ধর (২০)। তাঁদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অনিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অজ্ঞাত অপর এক আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, ট্রাক্টরটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।