ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। তাঁর নাম আইরিন সুলতানা ওরফে সাথী (২১)। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার মুক্তা ব্রিকস নামের ইটভাটার সামনে কল্যান্দি-চন্দেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

নিহত আইরিন সুলতানা উপজেলার বীজবাগ গ্রামের ফকির বাড়ির মো. আবদুল্লাহর স্ত্রী।

নিহত আইরিনের দেবর ছানা উল্ল্যাহ জানান, তাঁর ভাবি আইরিন সুলতানা সেনবাগ রাস্তার মাথা থেকে অটোরিকশায় করে পরিবারের অপর কয়েকজনসহ বাড়ি ফিরছিলেন। পথে মুক্তা ব্রিকসের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর ভাবিসহ অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রীর সবাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁর ভাবিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাতে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই নারীকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারা যাওয়ার পর তাঁরা লাশ বাড়িতে নিয়ে যান। এ ব্যাপারে মামলা করতে রাজি হয়নি পরিবারটি।