ট্রাক্টর উল্টে দুই ও ট্রাকের চাপায় একজন নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আমিনাবাদ চা-বাগানে গত রোববার রাতে ট্রাক্টর উল্টে চালকসহ দুজন মারা গেছেন। একই রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রাজনগরে নিহত দুজন হলেন চা-বাগানের বাসিন্দা ট্রাক্টরচালক মঞ্জু তেলেঙ্গা (৩০) ও বাগানের নৈশপ্রহরী বিন্দু নমশূদ্র (৩৫)। সরাইলে নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান (৩২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামে।
রাজনগর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চা-বাগানের আমিনাবাদ বাজারের কাছে ইট ফেলে মঞ্জু ট্রাক্টরে বিন্দুকে নিয়ে রোববার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। চা-বাগানের শতীশ তেলেঙ্গার বাড়ির কাছে রাস্তার পাশের খাদে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মঞ্জু ও বিন্দু মারা যান। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর থেকে উদ্ধারকারী ক্রেন এনে গতকাল সোমবার ভোর চারটার দিকে ট্রাক্টর ও এর নিচে চাপা পড়া দুজনের লাশ উদ্ধার করা হয়।
সরাইল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জগামী ধানবাহী একটি ট্রাক্টর শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা ট্রাক্টরটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জিয়াউর রহমান আশুগঞ্জে ব্যবসা করতেন। দুর্ঘটনার পর মহাসড়কের শান্তিনগর এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে কয়েক শ লোক সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।