ট্রাক্টর-করিমন সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুরে যাত্রীবাহী করিমন (তিন চাকার ইঞ্জিনচালিত যান) ও বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মনোয়াজ হোসেন (২০) নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন লাল মিয়া (৬৫), ওসমান গণি (২৫) ও জনি আহম্মেদ (২৭)। হতাহত ব্যক্তিরা সবাই করিমনের যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে। আহত লাল মিয়াকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও জনিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জনি বলেন, রশিকপুর থেকে দামুড়হুদার হেমায়েতপুর ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে জগন্নাথপুর মোড়ে দ্রুতগামী ওই ট্রাক্টর ধাক্কা দিলে তাঁরা আহত হন। মনোয়াজকে মুমূর্ষু অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক্টর চালক মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের হাসিবকে (২২) আটক করা হয়েছে।