ট্রাক্টর কেড়ে নিল ছোট্ট তুহিনের প্রাণ
ক্লাস শেষে প্রাইভেট পড়ার জন্য বাইসাইকেল নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল তৃতীয় শ্রেণীর এক ছাত্র। কিন্তু প্রাইভেট আর পড়া হয়নি তার। এর আগেই ট্রাক্টরের চাপায় প্রাণ হারিয়েছে সে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম তুহিন হোসেন (১০)। সে পৌর সদরের পশ্চিম আমুট্ট গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং আক্কেলপুর হাইটেক পৌর কিন্ডারগার্টেনের ছাত্র। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাক্টরের চালক রুবেল হোসেনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর তুহিন বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ তুহিন ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। তাঁরা সড়কে ট্রাক্টর ও ভটভটি চলাচল বন্ধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, তিনি সড়কের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। একটি ছেলে স্কুলব্যাগ কাঁধে নিয়ে সাইকেলে চড়ে শহরের পূর্বদিকে যাচ্ছিল। উপজেলা পরিষদের ২ নম্বর গেটের কাছে বালুবোঝাই একটি ট্রাক্টর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ ছেলেটি ট্রাক্টরের ভেতরে ঢুকে যায়। এ সময় লোকজন চিৎকার দিয়ে চালককে ট্রাক্টরটি থামাতে বলে। চালক ট্রাক্টর দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করলে চাকায় পিষ্ট হয়ে ছাত্রটির মাথা থেঁতলে যায়। সরেজমিনে তুহিনের বাড়িতে গিয়ে তার মা-বাবা ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। বাবা আজিজুল ইসলাম বলেন, ‘সকালে তাঁর ছেলে তুহিন স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে পৌর সদরের মলয় স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি আসার কথা। কিন্তু তুহিন আর বাড়ি ফিরতে পারেনি। এর আগেই ট্রাক্টরের চাপায় তুহিন মারা গেছে।’আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাক্টর ও এর চালক রুবেল হোসেনকে আটক করেছে।