ট্রাক্টর দিয়ে নয় বিঘা জমির ঢ্যাঁড়স নষ্ট!
পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইক্ষু খামারের ১৮ নম্বর ব্লকে গত বুধবার নয় বিঘা জমিতে চাষ করা ঢ্যাঁড়সখেত ট্রাক্টর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইজারা শর্ত লঙ্ঘন করে নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) কর্তৃপক্ষ এ কাজ করায় সেই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম অভিযোগ করে জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন মূলাডুলি ইক্ষু খামারের বেশ কিছু জমি ইজারা নেন আজিজুর রহমান। তাঁর কাছ থেকে তিনিসহ প্রায় অর্ধশত চাষি ইজারা নিয়ে শস্য ফলান। এর মধ্যে তিনি নয় বিঘায় আগাম জাতের ঢ্যাঁড়স চাষ করেন। চুক্তি অনুযায়ী ফসলের মৌসুম শেষ হওয়ার পর তিনি খামার কর্তৃপক্ষকে জমির স্বত্ব বুঝিয়ে দেবেন। কিন্তু খামারের শ্রমিকনেতা দুলাল উদ্দিন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে ফলবান ঢ্যাঁড়সখেত নষ্ট করিয়েছেন। খবর পেয়ে সেখানে গেলে শ্রমিকেরা তাঁকে তাড়া করেন। কৃষক রবিউল দাবি করেন, এই খেত থেকে ১০ লাখ টাকার ঢ্যাঁড়স বিক্রি করা যেত। তিনি ক্ষতিপূরণ দাবি করেন।মূলাডুলি ইক্ষু খামারের সহব্যবস্থাপক (খামার) মো. নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা সত্যিই অমানবিক! তবে আমার কিছু করার নেই। মিল কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ কাজ করতে বাধ্য হয়েছি।’যোগাযোগ করা হলে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমার শ্বশুর মারা গেছেন, আমি সেখানে যাচ্ছি। আপনি উপমহাব্যবস্থাপকের (খামার) সঙ্গে কথা বলেন।’ উপমহাব্যবস্থাপক আক্তারুজ্জামান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।