ট্রাক্টরচালককে হত্যা মামলায় ২ জন রিমান্ডে
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের আব্বাস আলী (২৫) নামের এক ট্রাক্টর (মাহেন্দ্র) চালককে হত্যা মামলায় দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এঁরা হলেন একই উপজেলার গোলাব্দীগছ গ্রামের শহিদুল ইসলাম ওরফে শনি (২২) ও একই উপজেলার বগুলাহাগি গ্রামের আবির হোসেন ওরফে আপন (২২)। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আমলি আদালত-৫–এ হাজির করে তাঁদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানির পর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক্টরচালককে হত্যার ঘটনায় তাঁরা জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
চলতি মাসের ৭ তারিখ সকাল সাড়ে ১০ টায় ভজনপুর ইউনিয়নের গোলাব্দীগছ এলাকার একটি বাঁশবাগান থেকে আব্বাস আলীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় তবিবর রহমানের ছেলে। ওই দিনই এ ঘটনায় তবিবর রহমান তেঁতুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।