ট্রাক্টরচালকের ঘুষিতে ইজিবাইক চালক নিহত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পদুয়ার বাজার এলাকায় এক ট্রাক্টরচালকের ঘুষিতে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালকের নাম আরিফুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকালই পুলিশ ট্রাক্টরচালক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি আদর্শ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী অন্তত তিনজন অটোরিকশাচালক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে একটি ট্রাক্টর পদুয়ার বাজার সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে এসে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চাকাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ট্রাক্টরচালক আবুল হোসেনের সঙ্গে ইজিবাইকচালক আরিফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাক্টরচালক ক্ষিপ্ত হয়ে আরিফুলকে ‘ঘুষি’ মারেন। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আরিফুল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।