খাগড়াছড়ির কমলছড়ি এলাকায় আদিবাসী তরুণী সবিতা চাকমা (৩০) খুনের ঘটনায় ছয় দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।
গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ওই দিন সন্ধ্যায় কমলছড়ি চরের শিমগাছের ঝোপের মধ্যে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই ঘটনার জন্য সন্দেহ করা হচ্ছে ট্রাক্টরচালক মোহাম্মদ নিজাম ও তাঁর সহযোগীকে।
আদিবাসী তরুণী খুনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি আদালত ভবনের সামনে কয়েকটি নারী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন সংগঠনের শতাধিক নারী সদস্য অংশ নেন।
নিহত সবিতার স্বামী দেব রতন চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বের হই। বিকেল পাঁচটায় বাড়িতে ফিরে এসে আমার স্ত্রী-কন্যা শিশুকে খুঁজতে থাকি। স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমার শিশুকন্যা অন্য বাচ্চাদের সঙ্গে পাশের বাড়িতে খেলা করছিল।’
রতন আরও বলেন, ‘পরে আমার শ্যালককে ডেকে এনে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করি। বাড়ির অদূরে কমলছড়ির চরে শিমগাছের ঝোপের মধ্যে রক্তাক্ত লাশ দেখতে পাই। আমি তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধিকে জানাই।’
রতনের সন্দেহের তির ট্রাক্টরচালক মোহাম্মদ নিজাম ও তাঁর সহযোগীদের দিকে। কারণ ঘটনার দিন ওই চর থেকে বালু পরিবহন করছিলেন নিজাম।
প্রতিবেশী বীরবাহু চাকমা প্রথম আলোকে বলেন, ‘ট্রাক্টরচালক নিজাম ও চার শ্রমিক এই ঘটনা ঘটাতে পারে বলে আমরা মোটামুটি নিশ্চিত। যেখানে বালু তোলার কাজ চলছিল তার অদূরে কাজ করছিলেন ওই তরুণী। এই দৃশ্য আমরা অনেকে দেখেছি। এজাহারেও ঘটনাটি এভাবে উল্লেখ আছে।’
নারীর প্রতি সহিংসতাবিরোধী আন্দোলনের রাঙামাটি শাখার নেত্রী টুকু তালুকদার প্রথম আলোকে বলেন, একজনকে খুন করে গাছের ঝোপের ভেতরে লাশ লুকিয়ে রাখার ঘটনায় যে কেউ আঁতকে উঠবে। এই বীভৎস ঘটনা মেনে নেওয়া যায় না। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।
গতকাল টুকু তালুকদারের নেতৃত্বে নারী সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা আদালত ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। এরপর তারা খাগড়াছড়ি শহর থেকে চার কিলোমিটার দূরে ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে আদিবাসী তরুণী খুন হওয়ার পর ট্রাক্টরচালক নিজাম কমলছড়ি চরে বালু পরিবহন বন্ধ রেখেছেন। অথচ ঘটনার অনেক দিন আগে থেকে তিনি নিয়মিত বালু পরিবহন করতেন। বালু পরিবহন বন্ধ রাখায় তাঁর প্রতি সন্দেহ আরও ঘণীভূত হয়। এলাকার লোকজনও মনে করছেন, নিজামই এই কাণ্ড ঘটাতে পারেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে আমরা খুব ব্যস্ত সময় পার করেছি। নির্বাচন শেষ হয়েছে। তাই এখন তদন্তে মনোযোগী হতে পারব। আর যারা ঘটনা ঘটিয়েছে তাঁদের অবশ্যই আইনের আওতায় আনব।’