ট্রাক্টরের ধাক্কা, রিকশার চালক ও আরোহী শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় একটি রিকশার চালক ও ওই রিকশার আরোহী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় জনতা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। গতকাল শনিবার উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিকশাচালকের নাম কামাল হোসেন (৩৫) ও শিশুটির নাম ইসরাত জাহান নিঝুম (৭)। নিঝুম পৌরসভার টোরাগড় মুন্সিবাড়ির বাসিন্দা অহিদুল ইসলামের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও নিহত নিঝুমের পরিবারের সদস্যরা জানান, নিঝুম হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের প্লে-গ্রুপের ছাত্রী। সকাল ১০টার দিকে ছুটি শেষে সে এবং একই বিদ্যালয়ের নার্সারি শ্রেণীর ছাত্র মুসফিকুর রহমান (৬) রিকশায় চড়ে বাসায় ফিরছিল। সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিঝুম ও কামাল মারা যান। এ ছাড়া মুসফিকুর, পথচারী মো. ইউসুফ ও ইদ্রিস মিয়া আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে যায়।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জনতা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধ করে রাখে ও ট্রাক্টরটি ভাঙচুর করে। তারা ট্রাক্টরের চালককে আটকের দাবিতে মিছিল করে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাহিদুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।