ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
দিনাজপুরের ফুলবাড়ী-শিবনগর সড়কে গতকাল বুধবার সকালে ট্রাক্টরের ধাক্কায় আদর্শপাড়া কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আবদুল মালেক (১৩) নিহত হয়েছে। মালেক উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ঘাটপাড়া গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে। দ্বিতীয় সাময়িকী পরীক্ষা দিতে ওই ছাত্র স্কুলে যাচ্ছিল।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই সড়কে ট্রাক্টর চলাচল বন্ধ করে দেয়। ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে বিক্ষুব্ধ লোকজন দুপুরের পর ইসলাম ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী-দিনাজপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি মো. খুরশিদ আলমের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে শহীদ স্মৃতি আদর্শ কলেজের ধারে ট্রাক্টরটি মালেককে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।