ট্রাক্টরের স্টিয়ারিং হাতে কিশোর চালক
ট্রাক্টরের পেছনের ট্রলিতে উপচে পড়া মালামাল। সামনে স্টিয়ারিং ধরে বসে থাকা চালকের বয়স বড়জোর ১৫ কি ১৬ বছর। সামনে সতর্ক দৃষ্টি। কঠোর পরিশ্রম চেহারা থেকে কৈশোরের কোমলতা কেড়ে নিয়ে গায়ে রোদপোড়া রং মেখে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়কে প্রতিদিন এমন অনেক কিশোর চালককে দেখা যায় ট্রাক্টর চালাতে।
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার বিভিন্ন সড়কে শতাধিক কিশোর চালক ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যানবাহন চালানোর জন্য ১৮ বছরের আগে লাইসেন্স দেওয়ার বিধান না থাকায় দিব্যি বিনা লাইসেন্সে ট্রাক্টর চালিয়ে যাচ্ছে এসব কিশোর চালক। এ ছাড়া ট্রাক্টরগুলোতে চালকের সহকারী হিসেবেও যারা কাজ করছে তাদের অধিকাংশও কিশোর। চালকের সহকারী হিসেবে কিছুদিন কাজ করার পর তারাও ট্রাক্টরের চালক বনে যায়।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, অসচ্ছলতার কারণেই মূলত কিশোরেরা বিভিন্ন যানবাহনে কাজ শুরু করে। তারাই একসময় নিজের কাজের পাশাপাশি গাড়ি চালানো শিখে নেয়। পরে সুযোগ পেলে শুরু করে গাড়ি চালাতে। প্রাপ্তবয়স্ক না হওয়ায় তারা লাইসেন্স নিতে পারে না। তাদের বেশির ভাগেরই লাইসেন্স সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই।
ঠাকুরগাঁও-হরিপুর সড়কের বাসচালক আমির আলী বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরেরা ট্রাক্টরের মতো ভারী যানবাহন চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বালিয়াডাঙ্গীর কালমেঘ এলাকায় ১৯ মার্চ যাত্রীবাহী একটি ট্রাক্টর ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকের তিন যাত্রী আহত হন। ওই ট্রাক্টরের চালক কম বয়সী ছিল।
গত সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও রানীশংকৈল বন্দর এলাকায় কথা হয় ট্রাক্টরচালক মো. রনির সঙ্গে। এখনো গোঁফ-দাড়ির রেখাও ওঠেনি তার। সে জানাল, প্রায় দুই বছর ধরে গাড়ি চালায়। লাইসেন্স আছে কি না জানতে চাইলে, রনি বলে, ‘লাইসেন্স করি নাই।’ পুলিশ ধরে কি না জানতে চাইলে বলে, পুলিশের সঙ্গে গাড়ির মালিকের চুক্তি থাকে।
সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের আরেক ট্রাক্টরচালক রণজিৎ রায় (১৬) বলে, ঝুঁকি জেনেও ট্রাক্টর চালায় সে। অন্য সব গাড়ির চেয়ে ট্রাক্টর চালাতে কষ্ট বেশি। কষ্ট হলেও পেটের দায়ে ছাড়তে পারছে না।
এদিকে ট্রাক্টরমালিক বাবলুর রহমান বলেন, ‘আমরা কখনো অপ্রাপ্তবয়স্কদের চালক হিসেবে নিয়োগ দেই না। তবে চালকের সহকারী হিসেবে অনেক সময় কম বয়স্কদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া এসব সহকারীরা গাড়ি চালানো শিখতে গিয়ে মাঝেমধ্যে রাস্তায় ট্রাক্টর নিয়ে উঠে যেতে পারে।’
পুলিশের ট্রাফিক সার্জন ফারুক হোসেন ট্রাক্টরমালিকদের সঙ্গে পুলিশের চুক্তির কথা অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ একেবারে ভিত্তিহীন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘১৮ বছরের নিচে কেউ গাড়ি চালালে ট্রাফিক আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তারপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় কম বয়সীরা যানবাহন চালাচ্ছে।’