ট্রাক-বাসশ্রমিকদের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের কারণে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় বাস-ট্রাকশ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। ১৭ থেকে ১৮ দিন ধরে গাড়ি চালাতে না পারায় তাঁদের উপার্জন বন্ধ রয়েছে।
তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে নছিমন-করিমনের শ্রমিক ও মালিকদের। মহাসড়কে চলাচলের সুযোগ পেয়ে তাঁদের উপার্জনও আগের চেয়ে বেড়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা জানান, বেড়া ও সাঁথিয়া উপজেলায় দুই হাজারেরও বেশি বৈধ পরিবহন শ্রমিক রয়েছেন। বিরোধী জোটের ডাকা অবরোধ-হরতালে মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ১৮ দিন ধরে এসব শ্রমিকের বেশির ভাগই কর্মহীন হয়ে পড়েছেন। আয় না থাকায় ঋণের বোঝা বাড়ছে। এ অবস্থায় অনেকে খেয়ে না-খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছেন।
শ্রমিকেরা জানান, এরই মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ঋণের কিস্তি। বেশির ভাগ শ্রমিক বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তিতে শোধ করতেন। গাড়ি চালাতে না পারায় অনেকের দুই-তিন সপ্তাহের কিস্তি বাকি পড়ে গেছে। এ অবস্থায় কিস্তি শোধের জন্য এনজিওকর্মীরা শ্রমিকদের বাড়ি গিয়ে চাপ দিচ্ছেন। কিস্তি শোধের ভয়ে শ্রমিকদের পালিয়ে বেড়াতে হচ্ছে।
বেড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে কথা হয় সাঁথিয়ার করমজা গ্রামের ট্রাকচালক ফজলুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘অবরোধ আমাগরে পথে বসায়া দিছে। আমাগরে বাড়িতে এখন চুলা জ্বালানোই মুশকিল।’ দত্তকান্দি গ্রামের ট্রাকচালক রেজাউল ইসলাম বলেন, ‘অবরোধের জন্য এমনিতেই প্যাটে ভাত নাই। তার ওপর কিস্তি শোধ করব্যার না পারায় এনজিওর অফিসাররা বাড়িত আইস্যা বকাবাজি করে। আমাগরে এখন চরম কঠিন সময়।’
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইসউদ্দিন বলেন, বেড়া-সাঁথিয়ায় প্রায় দুই হাজার পরিবহন শ্রমিক রয়েছেন। অবরোধে বাস-ট্রাক না চলায় বেশির ভাগ শ্রমিকের সংসারে অভাব-অনটন দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, বেড়া-সাঁথিয়ায় বাস-ট্রাক না চলায় নছিমন-করিমনই ভরসা হয়ে উঠেছে। অবরোধের কারণে অবৈধ নছিমন-করিমন চলাচলে পুলিশ কোনো বাধা দিচ্ছে না। পুলিশের ভয়ে যেসব নছিমন-করিমন বসিয়ে রাখা হয়েছিল সেগুলোও মহাসড়কে চলাচল করছে।
নছিমন-করিমনের শ্রমিক ও যাত্রীরা জানান, মহাসড়কে চলাচলের সুযোগ পাওয়ায় নছিমন-করিমনের যাত্রীর অভাব নেই। কয়েকটি পথে ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। বেড়া থেকে কাশীনাথপুরে চলাচলকারী নছিমন-করিমনের ভাড়া ৮ টাকার পরিবর্তে এখন ১০-১২ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া মালামাল পরিবহনেও ভাড়া বাড়ানো হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
বেড়া-কাশীনাথপুর পথে চলাচলকারী নছিমনের চালক তোরাব আলী বলেন, ‘আমরা ভাড়া বাড়াইনি। বেড়া থেকে কাশীনাথপুর পর্যন্ত আগেও ১০ টাকা নেওয়া হতো এখনো তাই নেওয়া হচ্ছে।’
বেড়া বাসস্ট্যান্ডে কর্মরত নছিমন-করিমনের মাস্টার (নিয়ন্ত্রণকারী) নশকর আলী বলেন, ‘মালিক, শ্রমিক ও নছিমন-করিমনের সঙ্গে আমরা যারা সংশ্লিষ্ট আছি তাদের এখন সুসময় যাচ্ছে। রাস্তায় বাধা নেই, আয়ও সবার বেড়েছে।’