ট্রানজিট চুক্তির আগে গণভোটের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য ট্রানজিট চুক্তির আগে জনমত যাচাই করতে গণভোট আহ্বানের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা।গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শত নাগরিক নামের সংগঠন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশিষ্ট নাগরিকেরা এই দাবি জানান।বিএনপি-সমর্থক হিসেবে পরিচিত শত নাগরিক গোলটেবিল আলোচনার আগ দিয়ে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করে। গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ ট্রানজিট চুক্তির জন্য গণভোটের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় স্বার্থ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতকে প্রাধান্য দিতে হবে। তাই যেকোনো মৌলিক চুক্তি করতে হলে, তা আগে জাতীয় সংসদে উত্থাপন করতে হবে।সাংবাদিক আতাউস সামাদ ফারাক্কা বাঁধ, বেরুবাড়ি ও সীমান্ত চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু অন্তত তিনবার প্রতারিত হয়েছেন। আর প্রতারিত হতে চাই না।’ তিনি বলেন, ‘আমরা চাই ট্রানজিটের ব্যাপারে গণভোট হোক, যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়।’ দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ট্রানজিট চুক্তিকে একটি গোলামি চুক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘মনমোহন সিংয়ের এই সফর ও চুক্তিকে আমি প্রকৃত স্বাধীনতার শেষ দিন হিসেবে উপভোগ করছি। সে হিসেবে আগামীকাল (আজ মঙ্গলবার) এ দেশের স্বাধীনতার শেষ দিন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ বলেন, ট্রানজিটের জন্য সড়ক, রেল ও নৌপথে প্রতি টন পণ্য পরিবহনে সরকারের পক্ষ থেকে মাশুলের যে হার নির্ধারণ করা হয়েছে, তা নিম্নতম। এটা হচ্ছে বাজারে ক্রেতার কাছে বিক্রেতার সর্বনিম্ন দর প্রস্তাব। তিনি বলেন, অবকাঠামোর উন্নয়ন না করে ভারতেকে ট্রানজিট-সুবিধা দেওয়া সম্ভব না। আর ট্রানজিট থেকে কী পরিমাণ আয় হবে, ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ টেকসই হবে কি না, এর চুলচেরা বিশ্লেষণ করতে হবে।আলোচনায় অন্যান্যের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাবেক সচিব আসাফ-উদ-দৌলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, আবুল কাশেম চৌধুরী প্রমুখ অংশ নেন।