ট্রানজিট নিয়ে আগ্রহ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক, নৌ ও রেলপথের ট্রানজিট নিয়ে সাত বছর ধরে আলোচনা চলেছে। তার আগেও প্রায় দুই দশক ধরে এ নিয়ে দুই দেশের মধ্যে বহুমুখী আলোচনা ছিল। শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহারের
সুযোগ পেলেও এখন সে দেশের ব্যবসায়ীরা এ ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
গত ১৬ জুন আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ট্রানজিটের উদ্বোধন করা হয়। এর পরের সাত মাসে মাত্র তিনটি চালান কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় গেছে। সাত বছরের ট্রানজিট আলোচনার অগ্রগতি এটিই।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাশুল তুলনামূলক অনেক কম নির্ধারণ করা হয়েছে।
নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুন মাসে ট্রানজিট চালুর প্রথম তিন মাসে মাত্র তিনটি চালান যায়। ওই তিন চালানে লোহা, রড, চালসহ মোট ৪ হাজার ২৬৪ টন পণ্য আগরতলায় গেছে। টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা হিসাবে বাংলাদেশ মাশুল পেয়েছে মাত্র ৮ লাখ ২০ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে সর্বশেষ চালের চালানটি যাওয়ার পর গত চার মাসে কোনো ভারতীয় ব্যবসায়ী এই পথে ট্রানজিট নিতে আগ্রহ দেখাননি।
ওই তিনটি চালানই পরিবহন করেছে আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মাহমুদুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ট্রানজিট নিয়ে সব মহল থেকেই অনেক প্রত্যাশা দেখানো হয়েছিল, কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা এখন আর আগ্রহ দেখাচ্ছেন না। গত চার মাসে অনেক ভারতীয় ব্যবসায়ী পথ-ঘাট, মাশুলসহ খরচের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। কিন্তু পরে আর যোগাযোগ করেননি।
জানা গেছে, ট্রানজিটের পণ্য পরিবহনে আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত নিরাপত্তা প্রহরা নেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু গত তিনটি চালানেই নিরাপত্তা প্রহরা বাধ্যতামূলক করা হয়েছে। এতে টনপ্রতি বাড়তি ৫০ টাকা দিতে হয়েছে, যা পরিবহনকারী প্রতিষ্ঠানের বাড়তি খরচ। এ ছাড়া ট্রাক সংগ্রহেও ভোগান্তিতে পড়তে হয়েছে ট্রানজিট পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানকে। প্রথম চালানের পণ্য পরিবহনের জন্য ট্রাকের ঠিকাদারি পাওয়া নিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বিবাদে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে, যা নিয়ে স্থানীয় পরিবহনশ্রমিকেরা কর্মবিরতিও পালন করেছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ আবু জাফর হাওলাদার প্রথম আলোকে বলেন, ট্রানজিটের অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিআইডব্লিউটিএর কোনো সমস্যা নেই। আবেদন পাওয়ামাত্রই তা অনুমোদন দেওয়া হয়। তবে গত চার মাসে কোনো আবেদন আসেনি। ভারতীয় ব্যবসায়ীদের আগ্রহেই এই নৌপথ চালু করা হয়েছে। এখন তাঁদের অন্য কোনো সমস্যা থাকতে পারে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত অবকাঠামো তৈরি না করেই বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের আওতায় এই ট্রানজিট চালু করা হয়। রুটটি হচ্ছে কলকাতা থেকে খুলনা ও চাঁদপুর হয়ে আশুগঞ্জ নৌবন্দর পর্যন্ত নৌপথে; তারপর সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা। কলকাতা থেকে আগরতলা পর্যন্ত পণ্যের একটি চালান যেতে গড়ে ২৩-২৪ দিন সময় লেগেছে। আশুগঞ্জ নৌবন্দরে বড় ক্রেন, ওজন মাপার যন্ত্র, স্ক্যানিং মেশিন, ট্রাকস্ট্যান্ড নেই। পর্যাপ্ত জনবলও নেই। আশুগঞ্জে স্থায়ী শুল্ক কার্যালয়ও নেই। সরাইল বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে আখাউড়া পর্যন্ত সড়কটি বেশ সরু।
২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের সরকারপ্রধানেরা সহযোগিতার যৌথ ঘোষণা দেন। সেই যৌথ ঘোষণায় ‘পরিবহন ও পারস্পরিক যোগাযোগ’ সহযোগিতার কথা বলা হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে ট্রানজিট নিয়ে আলোচনার সূত্রপাত হয়। পরে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ নিয়ে গেছে ভারত।
এদিকে অবকাঠামো নির্মাণসহ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ট্রানজিট দেওয়ার সুপারিশ করেছিল কোর কমিটি। এ জন্য সড়ক, রেল ও নৌপথে ৪৭ হাজার ৩৫ কোটি টাকা বিনিয়োগ করার সুপারিশও করা হয়। কিন্তু গত সাত বছরে বিনিয়োগ বলতে আশুগঞ্জ নৌবন্দরে পাকা জেটি ও ছোট গুদামঘর নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭২ সালের নৌ প্রটোকলের আওতায় বাংলাদেশের নৌপথ ব্যবহার করে অত্যন্ত সীমিত পরিসরে ট্রানজিট-সুবিধা নিয়ে আসছে ভারত। এ জন্য এত দিন কোনো মাশুল নেয়নি বাংলাদেশ। নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য বছরে এককালীন প্রায় ৫ কোটি টাকা নিত বাংলাদেশ। ২০১১ সাল থেকে কলকাতা-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা পথে মাশুল দিয়ে ট্রানজিট নিতে আগ্রহী হয় ভারত।
সড়কপথের ট্রানজিট
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে মোটরযান চলাচল চুক্তি হয় ২০১৫ সালের জুনে। ভুটানের রাজধানী থিম্পুতে এ চুক্তি হয়। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তিন দেশের মধ্যে যান চলাচলের কথা ছিল। কিন্তু গত ১৯ মাসেও কোনো অগ্রগতি নেই, শুধু চুক্তি স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ। এখনো চুক্তিটি অনুসমর্থন করেনি ভুটান।
এই চুক্তির মাধ্যমে ঢাকা থেকে পণ্য ও যাত্রীবাহী গাড়ি ভারত হয়ে নেপাল কিংবা ভুটানে যাবে। এই চারটি দেশের প্রতিটি দেশই সড়কপথে প্রত্যেকের ভূখণ্ড ব্যবহার করবে। চুক্তির পরপরই এসব রুটে পরীক্ষামূলক যান চলাচল শুরু করার কথা। ২০১৫ সালের নভেম্বরে কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় একটি পরীক্ষামূলক চালান গেছে।
২০১২ সালে ভারতের সড়ক ও নৌপথ ব্যবহার করে ট্রানজিট-সুবিধা চালুর প্রস্তাব দিয়েছিল ভুটান। সেই সময় বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছিল। দুই পক্ষের মধ্যে চুক্তির খসড়াও বিনিময় হয়েছিল। পরে আর আলোচনার অগ্রগতি হয়নি।
তবে ভারতীয় দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। আখাউড়া-আগরতলা রেলসংযোগ স্থাপন প্রকল্পেও জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে। তবে জমি অধিগ্রহণ জটিলতার কারণে আশুগঞ্জ নৌ কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ দু-তিন বছর ধরে আটকে আছে।
সব মিলিয়ে ট্রানজিট নিয়ে সব পক্ষেরই আগ্রহ কমে গেছে বলে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে পণ্য যাচ্ছে না, হচ্ছে না নতুন বিনিয়োগও।