ট্রানজিট ফির পরিবর্তে আপাতত ব্যাংক গ্যারান্টি দিয়ে ভারতকে পণ্য ছাড় করতে হবে। পণ্য ছাড় করতে ট্রানজিট ফি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। যতদিন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হবে, ততদিন ব্যাংক গ্যারান্টি দিয়ে ভারতকে পণ্য ছাড় করতে হবে। সম্প্রতি ভারতীয় দুটি জাহাজ নৌপথে ট্রানজিট নিতে চাইলে ফি আদায় নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিপত্তি বাধে। গত ২২ সেপ্টেম্বর কলকাতা থেকে নৌপথে দক্ষিণাঞ্চলের শেখবাড়িয়ায় গৌরীগঙ্গা ও কাবেরী নামে দুটি ভারতীয় পণ্যবাহী জাহাজ আসে। জাহাজ দুটিতে ৭৫০ মেট্রিক টন করে ফ্লাই অ্যাশ রয়েছে। বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন-প্রক্রিয়া শুরু করতে গেলেই ট্রানজিট ফি আদায় নিয়ে তৈরি হয় জটিলতা। এ পরিস্থিতিতে ঢাকার ভারতীয় হাইকমিশন গত রোববার ট্রানজিট ফি ছাড়াই শুল্কায়ন-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এনবিআরের কাছে চিঠি দেয়। চিঠিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন বলেছে, ট্রানজিট ফি প্রত্যাহারের বিষয়টি যেহেতু বিবেচনাধীন, তাই অন্তর্বর্তীকালীন সময় যেন ট্রানজিট ফি আদায় না করা হয়। ওই দিনই ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টমস বিধিমালা-২০১০ অনুযায়ী ট্রানজিট ফি আদায়ের বিকল্প নেই বলে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় এনবিআর। এদিকে খুলনা কাস্টমস কমিশনারেট এনবিআরের নির্দেশনা গতকাল বুধবার পণ্যবাহী জাহাজ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। যোগাযোগ করা হলে খুলনা কমিশনারেটের কমিশনার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রানজিট ফি আদায় কিংবা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত ব্যাংক গ্যারান্টি দিয়ে পণ্য ছাড় করতে হবে। সে ক্ষেত্রে এক হাজার ৫০০ মেট্রিক টন পণ্যের বিপরীতে ট্রানজিট ফি নির্ধারিত হয়েছে ১৫ লাখ টাকা। সমপরিমাণ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে পণ্যের মালিককে।ভারতকে ট্রানজিট সুবিধা দিতে গত ১০ জুন ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টমস বিধিমালা-২০১০ জারি করা হয়। বিধিমালাটি গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। বিধিমালা জারির পর গত আগস্ট মাসে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ ট্রানজিট সুবিধা নিয়েছে। ৬০০ মেট্রিক টন পণ্যের বিপরীতে প্রায় ছয় লাখ টাকা ট্রানজিট ফি আদায় করা হয় সে সময়। বিধিমালা অনুযায়ী সড়কপথে বা রেলপথে প্রতি ২০ ফুট কনটেনারের জন্য ১০ হাজার টাকা, কাভার্ড ভ্যান বা ট্রাকে প্রতি টনে এক হাজার টাকা এবং বাল্ক পণ্যে প্রতি টনে এক হাজার টাকা ট্রানজিট ফি নির্ধারণ করা হয়েছে। ট্রানজিট ফি ছাড়াও স্ক্যানিং চার্জ, শুল্ক ব্যতীত অন্য চার্জ বা টোল প্রযোজ্য হবে।